ছয় বিশ্বকাপের মাইলফলকে ওচোয়া, দল ঘোষণা মেক্সিকোর

মেক্সিকান ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন গিয়ের্মো ওচোয়া। ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ হাভিয়ের আগুইরে। ফলে আসরে মাঠে নামতে পারলে বিশ্বকাপের ছয়টি আসরে খেলা প্রথম মেক্সিকান ফুটবলার হিসেবে ইতিহাস গড়বেন তিনি।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে বিশ্বকাপের স্বাদ পেয়েছিলেন ওচোয়া। প্রায় দুই দশক পরও তিনি জাতীয় দলের অংশ হয়ে রয়েছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলের হয়ে তার খেলার সুযোগ সীমিত ছিল, তবুও অভিজ্ঞতা ও নেতৃত্বের মূল্যায়ন করে তাকে ২৬ সদস্যের দলে রেখেছেন আগুইরে।

দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক এদসন আলভারেস। আক্রমণভাগে অভিজ্ঞতার প্রতীক রাউল হিমেনেসও রয়েছেন দলে। পাশাপাশি ভবিষ্যতের তারকাদেরও সুযোগ দিয়েছেন কোচ। গুয়াদালাহারার ফরোয়ার্ড আরমান্দো গনসালেস এবং তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।

মাত্র ১৭ বছর বয়সী মোরা বিশ্বকাপে খেললে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিশ্বকাপার হওয়ার কীর্তি গড়বেন। এছাড়া যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা দুই দ্বৈত-নাগরিক ফুটবলার ওবেদ ভার্গাস ও ব্রায়ান গুতিয়েরেসও আছেন তরুণদের তালিকায়।

দলে জায়গা পেয়েছেন স্পেনে জন্ম নেওয়া মিডফিল্ডার আলভারো ফিদালগো এবং কলম্বিয়ায় জন্ম নেওয়া ফরোয়ার্ড হুলিয়ান কিনিওনেসও। নাগরিকত্ব গ্রহণের পর দুজনই জাতীয় দলের নিয়মিত সদস্যে পরিণত হয়েছেন।

বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো। যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। ১৯৮৬ সালে সর্বশেষ বিশ্বকাপ আয়োজন করেছিল মেক্সিকো, আর সেই আসরে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।

এবারের বিশ্বকাপ হবে হাভিয়ের আগুইরের তৃতীয় বিশ্বকাপ মিশন। এর আগে ২০০২ ও ২০১০ বিশ্বকাপেও তিনি মেক্সিকোকে নেতৃত্ব দিয়েছিলেন।

বিশ্বকাপ শুরুর আগে বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো। এরপর ১১ জুন ঐতিহাসিক অ্যাজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিকদের অন্যতম দলটি।

মেক্সিকোর ঘোষিত বিশ্বকাপ দল:

গোলরক্ষক: রাউল রাঙ্গেল, গিয়ের্মো ওচোয়া, কার্লোস আসেভেদো।

ডিফেন্ডার: হোর্হে সানচেস, ইসরায়েল রেয়েস, সেসার মন্তেস, ইয়োহান ভাসকেস, হেসুস গায়ার্দো, মাতেও চাভেস।

মিডফিল্ডার: এরিক লিরা, অরবেলিন পিনেদা, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, লুইস রোমো, এদসন আলভারেস, ওবেদ ভার্গাস, গিলবার্তো মোরা, লুইস চাভেস।

ফরোয়ার্ড: রোবের্তো আলভারাদো, সেসার উয়ের্তা, আলেক্সিস ভেগা, হুলিয়ান কিনিওনেস, গিয়ের্মো মার্তিনেস, আরমান্দো গনসালেস, সান্তিয়াগো হিমেনেস, রাউল হিমেনেস।

 

Related Articles

Latest Posts