নারায়ণগঞ্জে আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
গ্রেপ্তাররা হলেন—মুক্তার হোসেন (৪৮), মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) ও আলাউদ্দিন (৩৬)।
এসপি মিজানুর রহমান বলেন, গত ২২ জুন মোহাম্মদ আরিফ তার ব্যবহৃত ২০০৬ মডেলের টয়োটা এক্স করোলা গাড়িটি নতুন জজ কোর্ট সংলগ্ন পার্কিংয়ে রেখে নাস্তা করতে যান। ফিরে এসে গাড়িটি না পেয়ে তিনি ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা করেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে মোমিনুর ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়।
মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সদস্য। চক্রটি বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করত।
এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, বলে জানান তিনি।

