চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চৌকা বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকার সীমান্তে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি, বিএসএফের একটি দল ২০ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। তবে বিজিবির টহল দল ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাধা দিলে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।
ঘটনার পর দুই সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডারদের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সুখদেবপুর এলাকা দিয়ে বিএসএফ ওই ব্যক্তিদের পুনরায় ভারতে নিয়ে যায়।
বিজিবি এ ঘটনাকে ‘পুশ ইনের চেষ্টা সম্পূর্ণভাবে প্রতিহত করা হয়েছে’ বলে উল্লেখ করেছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পুশ ইন ও অবৈধ সীমান্ত অতিক্রমের সব ধরনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সীমান্তে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। ভবিষ্যতেও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

