চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির এক নেতাকে ‘বিয়ের প্রলোভনে’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার রাতে নগরীর হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে পুলিশ ও র্যাব-৭-এর একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদ।
গ্রেপ্তার হওয়া আফতাব মজুমদার জয় (২৮) জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকার সমন্বয়ক। এছাড়া তিনি এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটিরও সদস্য। তার বিরুদ্ধে ১৯ বছর বয়সী এক তরুণী এ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ওই তরুণী আফতাব মজুমদার জয়কে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন চান্দগাও থানায়।
এজাহারে অভিযোগ করা হয়, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিভিন্ন আশ্বাস দিয়ে গত ১৪ জুলাই আফতাব ওই তরুণীকে নগরের বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং বিয়ের আশ্বাসে ধর্ষণ করেন। ঘটনার পর আফতাব ওই তরুণীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
পুলিশ জানিয়েছে, আজ তাকে আদালতে হাজির করে মামলায় প্রয়োজনীয় আবেদন করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রচারবিষয়ক সম্পাদক রিদওয়ান হৃদয় দ্য ডেইলি স্টারকে বলেন, আফতাব এনসিপিরও একজন সদস্য। তিনি বিবাহিত। তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, অভিযুক্তের এই ঘটনায় কোনো রাজনৈতিক পরিচয় নেই। আইন অনুযায়ী তার বিচার চলবে।

