এক সেশনে কী হলো না! হাসান মাহমুদ পেলেন জোড়া সাফল্য, উইকেট নিলেন ইবাদত হোসেন, তাসকিন আহমেদ। ক্যাচ মিস হলো, রিভিউ নষ্ট হলো দুটি। সব মিলিয়ে ডারউইন টেস্টের প্রথম সেশন হলো ঘটনাবহুল। তাতে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে দুর্দান্ত শুরু পেয়ে গেছে বাংলাদেশ দল।
ডারউইনে বৃহস্পতিবার লাঞ্চ বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৭৪ রান। ৭ রানে অপরাজিত আছেন ২ রানে জীবন পাওয়া স্টিভেন স্মিথ। বাংলাদেশের হয়ে হাসান ২৫ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। তাসকিন ২৬ রানে ১ ও ইবাদত ১৭ রানে নিয়েছেন ১ উইকেট।
টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া করেছিলো সতর্ক শুরু। তাসকিন আহমেদ শুরুতে ছিলেন কিছুটা এলোমেলো। বাকি দুই পেসার হাসান আর ইবাদত আটসাটো থেকে জারি রাখছিলেন চাপ। তবে প্রথম ঘন্টা প্রায় পার করে দিচ্ছিলেন অজি ওপেনাররা। দ্বাদশ ওভারে গিয়ে হাসান আনেন সাফল্য। কখনো ওভার দ্য উইকেট, কখনো অ্যারাউন্ড দ্য উইকেটে বল করছিলেন।
প্রান্ত আগলে রাখার পণ নিয়ে নেমেছিলেন জ্যাক ওয়েদারেল্ড। কিছু বাউন্ডারি পেয়ে গেলেও তাকে খুব সাবলীল মনে হচ্ছিল না। ভালো বল করতে থাকা হাসান মাহমুদের বেরিয়ে যাওয়া বলে তিনি আর টিকলেন না। প্রথম ঘণ্টায় অস্ট্রেলিয়ান ওপেনারদের আলাদা করতে পারল বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া দ্বাদশ ওভারে হারায় প্রথম উইকেট। ওয়েদারেল্ডকে (৩৭ বলে ২৩) উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন হাসান। হাসানের বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে পুরো ব্যাটে পাননি বাঁহাতি ব্যাটার। টপ এজে যায় সহজ ক্যাচ। ৪৫ রানে প্রথম উইকেট হারায় অজিরা।
প্রথম ঘন্টার পানি পানের বিরতির পর পরই বড় সাফল্য। এবার হাসানের শিকার ট্রেভিস হেড। হাসানের তোপে ১৪তম ওভারে ৫২ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। আগ্রাসী ট্র্যাভিস হেড খেলছিলেন রয়েসয়ে। প্রথম পানি পানের বিরতির পর হাত খুলেন। হাসানকে বাউন্ডারি মারার পরই ফিরে যান। অ্যারাউন্ড দ্য উইকেটে বল করা হাসান হেডকে সংশয়ে ফেলেন। হাসানের বল স্টাম্পে টেনে বোল্ড হন হেড। ৩৯ বলে ২২ করে ফেরেন তিনি।
প্রথম ঘন্টায় অহেতুক রিভিউ নষ্ট করার আক্ষেপেও পুড়ে বাংলাদেশ। নবম ওভারে হেডকে আউট করতে মরিয়া হয়ে করা হয় ভুল। ইবাদত হোসেনের বেরিয়ে যাওয়া বলে লেগ প্যাডে লাগান হেড। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায় বল অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাচ্ছিল।
ক্রিজে আসা অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার স্মিথকে শুরুতেই ফেরানো যেত। ২ রানে থাকার সময় ইবাদতের বলে স্লিপে তার রেগুলেশন ক্যাচ ফেলে দেন তানজিদ হাসান তামিম। খানিক পর ইবাদতের বলে স্মিথকে আউট করার মরিয়া চেষ্টা কট বিহাইন্ডের রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু আল্ট্রা এজে দেখা যায় বল ব্যাটে লাগেনি। তিন রিভিউর দুটি হারানোর পর সেশনের শেষ দিকে আসে আরেক সাফল্য।
তাসকিনের বলে হাত খুলে মারার মেজাজে থাকা ক্যামেরন গ্রিন করে বসেন ভুল। ওভারের প্রথম বলে বাউন্সারে ছক্কা মারলেও শেষ বলে হকচকিয়ে গড়বড় করে মুশফিকুর রহিমের হাতে তুলে দেন ক্যাচ।

