গিমারেস, এন্দ্রিকের গোলে মিশরকে হারিয়ে প্রস্তুতি সারল ব্রাজিল

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে শেষ ম্যাচটিও জিতল ব্রাজিল। ব্রুনো গিমারেস ও এন্দ্রিকের গোলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা স্বস্তি নিয়েই সারল প্রস্তুতি। 

যুক্তরাষ্ট্রের ওহাইওতে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে আফ্রিকান দল মিশরকে ২-১ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। চোটের কারণে এই ম্যাচেও স্কোয়াডে ছিলেন না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তবে তার ঘাটতি খুব একটা টের পেতে দেননি বাকিরা। 

ম্যাচের শুরু থেকেই দুই দলের রক্ষণভাগের কিছু দুর্বলতা চোখে পড়ে। প্রথমার্ধের শুরুর দিকে মিশরের ডিফেন্সের ভুলকে কাজে লাগিয়ে ব্রুনো গিমারেস গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন। তবে এই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা। মাত্র তিন মিনিট পরেই ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনহোসের একটি ভুল ব্যাক-পাসের সুযোগ নিয়ে মিশরের জিকো গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান। 

প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র বাম প্রান্তে এবং রাফিনহা ডান প্রান্তে বেশ কিছু আক্রমণ তৈরি করলেও মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের চমৎকার কিছু সেভ করে ব্রাজিলকে আটকে রাখেন। বিরতির ঠিক আগে ভিনিসিয়াসকে ডি-বক্সে ফাউল করা হলে ভিএআর চেক করা হয়, তবে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেননি। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই মিশর তাদের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহকে মাঠে নামায়। একই সঙ্গে ব্রাজিল দলে গোলরক্ষক আলিসনের পরিবর্তে ওয়েভারটন পেরেইরা এবং ভিনিসিয়াসের জায়গায় মাতিউস কুনহা মাঠে আসেন।

ম্যাচের ৫২ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডান প্রান্ত থেকে রাফিনহার বাড়ানো এক চমৎকার পাস ডি-বক্সের ঠিক মাঝখানে পেয়ে যান তরুণ তুর্কি এন্দ্রিক। কোনো ভুল না করে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। এই গোলের সুবাদে ব্রাজিল ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। এই লিড ধরেই ম্যাচ শেষ করেছে ফেভারিটরা। 

ম্যাচের শেষ ১০ মিনিটে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে মিশর। মোহাম্মদ সালাহ এবং জিকোর বেশ কয়েকটি আক্রমণ ব্রাজিলের ডিফেন্স ও বদলি গোলরক্ষক ওয়েভারটন দারুণ দক্ষতার সঙ্গে নসাৎ করে দেন। বার্সেলোনার যুব দলে যোগ দেওয়া মিশরের ১৮ বছর বয়সী তরুণ হামজা আবদেলকারিম শেষ দিকে মাঠে নেমে একটি সুযোগ পেলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত ৫ মিনিটেও গোল করতে না পারায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। 

আগামী ১৪ জুন মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এই জয়ের ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা। 

 

Related Articles

Latest Posts