গাজীপুরের কালিয়াকৈরে গরুবাহী পিকআপ ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর থানার গোয়ালবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন (৩০) ও একই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে হানিফ আলী (৪৩)। নিহত আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি শহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ থেকে আটটি গরু নিয়ে একটি পিকআপ ভ্যান কিশোরগঞ্জে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। পরে সেটি আরেকটি বাসে ধাক্কা দিয়ে সড়ক বিভাজনে গিয়ে পড়ে। এই ঘটনায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও দুজনকে পাশের হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতরা সবাই পিকআপ ভ্যানের আরোহী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

