খুলনায় তাঁতী দলের স্থানীয় নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরের খালিশপুর থানা এলাকায় মো. সোনা মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ওয়ার্ড পর্যায়ের নেতা।

গতকাল শনিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সোনা মিয়াকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি প্রাণ বাচাতে দৌড়ে প্রায় ৫০০ মিটার যাওয়ার পর ‘মেরিকো’ নামে একটি প্রতিষ্ঠানের বারান্দায় পড়ে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা। তার পিতার নাম জব্বার সরদার। পেশায় তিনি একজন মুদি দোকানদার ছিলেন, পাশাপাশি চা বিক্রি করতেন। এ ছাড়া তার দোকানে ইজিবাইক ও সাইকেল মেরামতের বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি হতো।

খালিশপুর থানা বিএনপির ১০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই কালু জানান, সোনা মিয়া একই ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় দ্য ডেইলি স্টারকে বলেন, রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তিনি প্রাণ বাঁচাতে প্রায় ৫০০ মিটার দৌড়ে ‘মেরিকো’ নামের একটি প্রতিষ্ঠানের বারান্দায় গিয়ে পড়ে যান। সেখানে বেশ রক্তক্ষরণ হয়।

তিনি আরও বলেন, পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার ঘটনা উদঘাটনে আমরা কাজ করছি।

Related Articles

Latest Posts