বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত তার নতুন সিনেমা ‘খলনায়ক রিটার্নস’ এর ঘোষণা দিয়েছেন। ১৯৯৩ সালের জনপ্রিয় সিনেমা খলনায়কের নতুন সংস্করণ হিসেবে নির্মিত হবে।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সঞ্জয় দত্তের প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি ডাইমেনশন মোশন পিকচারস ও প্রযোজক আখশা কম্বোজের অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট যৌথভাবে পরিচালক সুভাষ ঘাইয়ের প্রতিষ্ঠান মুক্তা আর্টস থেকে সিনেমাটির সিকুয়েল তৈরির স্বত্ব নিয়েছে।
মূল সিনেমাতে সঞ্জয় দত্তের পাশাপাশি জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত অভিনয় করেছিলেন।
শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানে সিনেমাটির একটি ছোট টিজার প্রকাশ করা হয়। এতে সঞ্জয় দত্তকে তার জনপ্রিয় চরিত্রে নতুন রূপে দেখা যায়।
সঞ্জয় দত্ত বলেন, এই প্রকল্প বাস্তবায়নে সুভাষ ঘাইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘সুভাষজি ছাড়া খলনায়ক সম্ভব হতো না। তিনি এই প্রজেক্টের অংশ থাকবেন।’
অভিনেতা জানান, কারাগারে থাকার সময়ই এই সিকুয়েলের ভাবনা মাথায় আসে। পরে মুক্তির পর সুভাষ ঘাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।
তিনি আরও বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গল্প। ভালো স্ক্রিপ্ট না হলে সিনেমা ভালো হয় না।
সুভাষ ঘাই বলেন, সঞ্জয় দত্ত ও তার পরিবারের দীর্ঘদিনের ইচ্ছে ছিল এই সিনেমাটি আবার তৈরির। তিনি আশা প্রকাশ করেন, নতুন সংস্করণটি আগেরটির চেয়েও ভালো হবে।
উল্লেখ্য, ১৯৯৩ সালের খলনায়ক ছিল সে সময়ের একটি বড় হিট সিনেমা।
তবে নতুন সিনেমাটি রিমেক, সিকুয়েল নাকি সম্পূর্ণ নতুন গল্প হবে—তা এখনো নিশ্চিত নয়।

