বাংলাদেশের জাতীয় ক্রীড়া সংস্থাগুলোকে (অ্যাসোসিয়েশন ও ফেডারেশন) আর্থিকভাবে সচ্ছল করার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে তাদেরকে ১২৪৪ কোটি টাকার প্রাথমিক তহবিল বা সিড মানি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে ১৪টি জাতীয় ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের নবগঠিত অ্যাডহক কমিটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী আমিনুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সিড মানি বা প্রাথমিক তহবিল হিসেবে ১২৪৪ কোটি টাকা বরাদ্দের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। এর উদ্দেশ্য হলো ক্রীড়া সংস্থাগুলো অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাই যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে।
সিড মানি কীভাবে দেওয়া হবে সেটারও ব্যাখ্যা দিয়েছেন সাবেক তারকা ফুটবলার আমিনুল। এই তহবিলের লভ্যাংশের ৭৫ শতাংশ ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর ক্রীড়া কার্যক্রম ও অফিস রক্ষণাবেক্ষণের খাতে ব্যয় করা হবে। বাকি ২৫ শতাংশ আবার মূল তহবিলের সঙ্গে যুক্ত করা হবে।
গঠিত হওয়ার পর প্রতিটি অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নিজ নিজ ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটিগুলোই দায়িত্ব পালন করে যাবে।
ক্রীড়াঙ্গনে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেছেন আমিনুল। তিনি জানিয়েছেন, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কেউ প্রমাণসহ ধরা পড়লে শুধু সাংগঠনিক শাস্তিতেই সীমাবদ্ধ রাখা হবে না। বরং দেশের প্রচলিত কঠোর আইনগত ব্যবস্থার মুখোমুখি দাঁড় করানো হবে তাদেরকে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নারী ক্রীড়াবিদদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ তৈরির ওপরও বিশেষ জোর দিয়েছেন। আগামীকাল সোমবার আরও ১৩টি ক্রীড়া সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

