কুমিল্লা জেলা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বৃষ্টিতে ডুবে গেছে। এই দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। আজ মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার প্রধান সড়কে, জেলা জজ আদালতের সামনের রাস্তায়, ঝাউতলা সড়কে ও টমছমব্রিজ এলাকার নিউ হোস্টেল সংলগ্ন রাস্তা সামান্য বৃষ্টিতেই ডুবে গেছে।
জলমগ্ন সড়কে চরম দুর্ভোগ সয়েই গন্তব্যে ছুটতে দেখা যায় অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।
জেলা আবহাওয়া কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় রাস্তা দিয়ে ড্রেনের ময়লা পানি প্রবাহিত হতেও দেখা যাচ্ছে। ঝাউতলা এলাকার ব্যবসায়ী কামাল খান বলেন, মূলত ড্রেন পরিষ্কার না হওয়ায় এর মধ্য দিয়ে বৃষ্টির পানি যেতে পারছে না। ফলে রাস্তা ডুবে যাচ্ছে।
জেলার সংস্কৃতিকর্মী খাইরুল আজিম শিমুল দ্য ডেইলি স্টারকে বলেন, মুলত নাগরিক অসচেতনতা থেকেই এই দুর্ভোগ তৈরি হচ্ছে। পানি প্রবাহের নালা-নর্দমায় আবর্জনা, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল ফেলায় পানি প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে আমরা ওয়ার্ডভিত্তিক লেবার নিয়োজিত করেছি। যেখানে যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

