কিশোরগঞ্জের কটিয়াদী থেকে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জাকির হোসেন (৩০)। তিনি একই গ্রামের শিবলু মিয়ার ছেলে। দীর্ঘ দিন সৌদি আরবে থাকার পর প্রায় ছয় মাস আগে তিনি দেশে ফিরেলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় টর্চলাইটের আলোয় মাছ ধরতে বাড়ির পাশের মাগুরা ভিটার বিলে যান জাকির হোসেন। এর কয়েক ঘণ্টা পর এক আত্মীয়ের বাড়ির পেছনে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার বুকের বাঁ পাশে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এই হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয় কয়েকজন জানান, একই এলাকার কয়েকজনের সঙ্গে জাকির হোসেনের জমি নিয়ে বিরোধ ছিল। তবে এই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে কি না, তা তারা নিশ্চিত নন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বুকে ছুরি বিদ্ধ অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

