দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা ও তাদের বয়সের বিবরণ জানতে চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন তলব করেছেন হাইকোর্ট।
আগামী দুই মাসের মধ্যে কারা মহাপরিদর্শককে এই প্রতিবেদন হাইকোর্টে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আদালত একই সঙ্গে একটি রুলও জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে—কারাগারে থাকা ওইসব শিশুদের নিরাপত্তা, কল্যাণ, শিক্ষা, সঠিক বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কেন প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট পিটিশনের (আবেদন) শুনানির পর আজ সোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফারুক হোসেন বলেন, কারাগারে আটক বা অভিযুক্ত মায়েদের সঙ্গে যেসব শিশুরা বসবাস করছে, তাদের নিরাপত্তা, কল্যাণ, শিক্ষা ও সঠিক বিকাশ বর্তমানে সঠিকভাবে নিশ্চিত করা হচ্ছে না।
তিনি আরও জানান, ওই শিশুদের এই অধিকারগুলো নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিতেই রিট আবেদনকারী হাইকোর্টের কাছে প্রার্থনা করেছিলেন।
শুনানির সময় আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা নিজেই আবেদনের পক্ষে অংশ নেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফারুক হোসেন।

