চট্টগ্রামের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টা ২০মিনিটে এফভি দেশ নামের জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুনের সূত্রপাত হয়।
সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন,
হঠাৎ ইঞ্জিন কক্ষে আগুন লাগে। এতে জাহাজটির প্রকৌশলীসহ ছয়জন দগ্ধ হন।
দগ্ধরা হলেন—প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন, রাসেল ও ছিদ্দিক আহমেদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার ডেইলি স্টারকে বলেন, দগ্ধ ছয়জনকে দুপুর ২টার দিকে হাসপাতালে আনা হয়।
জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের আহমেদ ডেইলি স্টারকে বলেন, আহতদের মধ্যে আশিকুজ্জামান, রুবেল ও শাহ আলম গুরুতর দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আগুন লাগার সময় গুরুতর দগ্ধ ওই তিন ক্রু সদস্য ইঞ্জিন কক্ষের ভেতরে ছিলেন। তাদের উদ্ধার করতে গিয়ে বাকিরা দগ্ধ হন।
জুবায়ের বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
ওসি মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজ কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
‘আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে আগুন লাগার কারণ জানতে আরও তদন্ত প্রয়োজন’, বলেন তিনি।

