কখনো ভাবিনি হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্রে অভিনয় করব: সাবিলা নূর

তান্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন সাবিলা নূর। এবার তিনি অভিনয় করেছেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেস সিনেমায়। তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে।

সাবিলা নূর অভিনয় করেছেন চিত্রা চরিত্রে। কিছুক্ষণ উপন্যাসের মূল চরিত্রগুলোর মধ্যে চিত্রা অন্যতম। 
সাবিলা নূর বলেন, ‘কিছুক্ষণ উপন্যাস অনেকবার পড়েছি। প্রথমে পড়েছি ৪-৫ বার। চিত্রা চরিত্রের মধ্যে ডুবে থাকতে চেয়েছি। এরপর আরও পড়েছি। ১৫ বার পড়েছি সব মিলিয়ে। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই পড়েছি।’

 

সাবিলা নূর আরও বলেন, কখনোই ভাবিনি হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাসের চিত্রা চরিত্রে অভিনয় করব। তবে পরিচালক তানিম নূরের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর অনেক ভালো লেগেছে। বইটা আগেই পড়া ছিল। সিনেমায় আমার অংশগ্রহণ নিশ্চিতের পর বারবার পড়েছি।

শুটিংয়ের অভিজ্ঞতা কেমন হয়েছে? এর জবাবে সাবিলা নূর বলেন, ‘দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমি বলব অসাধারণ কিছু অভিজ্ঞতা হয়েছে। প্রথমত হুমায়ূন আহমেদের উপন্যাস, দ্বিতীয়ত তানিম নূর পরিচালক এবং তৃতীয়ত অনেক ভালো ভালো শিল্পীরা অভিনয় করেছেন।’

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে সিনেমা করার বিষয়ে সাবিলা নূর বলেন, ‘হুমায়ূন আহমেদ সবার পছন্দের লেখক। আমার তো বটেই। সিনেমা করার আগেই কিছুক্ষণ উপন্যাসটি পড়েছি। কাজেই এত বড় মাপের একজন লেখকের উপন্যাস নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করাটাও অসাধারণ একটি ভালো লাগার কাজ হয়েছে।’

 

কোনো নার্ভাসনেস কাজ করেছে? এর জবাবে সাবিলা নূর বলেন, ‘একটু করেছে। কেননা, অসংখ্য পাঠক এই উপন্যাসটি পড়েছে। চিত্রাকে প্রচুর পাঠক চেনেন এবং জানেন। সেজন্য কিছুটা নার্ভাসনেস কাজ করেছে দর্শকরা কীভাবে নেবেন। বড় কথা হচ্ছে, সবচেয়ে বেশি কাজ করেছে এক্সাইটমেন্ট। এখনো এক্সাইটমেন্ট কাজ করছে।’

সহশিল্পীদের বিষয়ে সাবিলা নূর বলেন, ‘বনলতা এক্সপ্রেস দিয়ে শরিফুল রাজের সঙ্গে প্রথমবার কাজ করছি বড় পর্দায়। শরিফুল রাজ চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গেও অভিনয় করেছি। বড় কথা হচ্ছে, মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করা মানেই কিছু শেখা যায়। হোক অভিনয় সম্পর্কে কিংবা হোক জীবন সম্পর্কে। আরও যাদের সঙ্গে কাজ করেছি, অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে।’
‘মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেও এক্সাইটমেন্ট কাজ করছে। বড় কথা হচ্ছে যাদের সঙ্গে অভিনয় করেছি, সবাই মিলে পরিবারের মতো হয়ে গিয়েছিলাম’, যোগ করেন তিনি। 

 

ঈদে মুক্তি পাচ্ছে বনলতা এক্সপ্রেস, কতটা প্রত্যাশা কাজ করছে? এর জবাবে সাবিলা নূর বলেন, ‘অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। আমার বিশ্বাস দর্শকরা দেখবেন। সবারই আগ্রহ আছে এই সিনেমা নিয়ে। আমারও আগ্রহ কাজ করছে। আমিও প্রেক্ষাগৃহে গিয়ে দেখার অপেক্ষায় আছি।’

‘দর্শকরা উপভোগ করবেন। ইমোশন, কমেডি, বিনোদন, ট্র্যাজেডি—সবই আছে এতে’, বলেন সাবিলা। 
শুটিং করতে যাওয়ার আগে বেশ কিছুদিন রিহার্সেল করেছেন। এ বিষয়ে সাবিলা নূর বলেন, ‘তানিম নূর ভাই খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। সবকিছু চূড়ান্ত হওয়ার পর তিনি রিহার্সেল করিয়েছেন। প্রায় দুই মাস রিহার্সেল করেছি।’

চিত্রা চরিত্রের জন্য কতটা প্রস্তুতি নেওয়া হয়েছিল? সাবিলা নূর বলেন, ‘ভালো প্রস্তুতিই নিয়েছিলাম। সেভাবেই কাজটি করেছি।’
 

Related Articles

Latest Posts