ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন আফগানিস্তানের হাশমতুল্লাহ

আফগানিস্তান ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাশমতুল্লাহ শহিদি। ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।

২০২২ সালের শুরুতে ওয়ানডে দলের নেতৃত্ব গ্রহণ করেন শহিদি। তার অধীনেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় আফগানিস্তান। তার নেতৃত্বে দলটি আন্তর্জাতিক ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছে।

ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে আলোড়ন তোলে আফগানিস্তান। যদিও শেষ পর্যন্ত অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেনি দলটি।
নেতৃত্ব ছাড়ার ঘোষণায় হাশমতুল্লাহ লিখেছেন, “পূর্ণ সম্মান ও স্বেচ্ছায় আজ আমি ব্যক্তিগত সিদ্ধান্তে আমার দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।”

তিনি আরও বলেন, “অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য ছিল বিশাল সম্মানের। সততা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে দলের সেবা করতে পেরে আমি গর্বিত।”

নিজের নেতৃত্বে অর্জিত সাফল্যের কৃতিত্ব একা নিতে চাননি হাশমতুল্লাহ। তিনি বলেন, “আমরা অনেক জয় পেয়েছি, গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছি, বড় বড় দলকে হারিয়েছি এবং দেশের নাম উজ্জ্বল করেছি। কিন্তু এসব অর্জন শুধু আমার নয়, পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা, ত্যাগ ও সমন্বয়ের ফল।”

সতীর্থ, কোচিং স্টাফ ও বোর্ড কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ব্যাটার। তাদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই সহযোগিতা সবসময়ই তার কাছে গর্বের বিষয় হয়ে থাকবে।

তবে নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলে খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন হাশমতুল্লাহ।

আগামী মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। তার আগেই নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

 

Related Articles

Latest Posts