বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। গত ঈদে দুটি নাটক ‘দরদিয়া’ ও ‘ওয়ারিশ’-এ অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ভোলায় নতুন একটি নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি।
দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তৌসিফ মাহবুব।
‘দরদিয়া’ নাটকে তৌসিফ মাহবুব অভিনয় করেছেন নাজনীন নীহার বিপরীতে। এখানে তৌসিফের বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। গল্পে দেখা যায়, খুব গরিব ঘরের ছেলে হয়েও সে জমিদারের একমাত্র বোনকে পছন্দ করে। একেবারেই প্রেমের গল্পের এই নাটক নানা নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে যায়। তবে গল্পের শেষটা বেদনার।
তৌসিফ মাহবুব বলেন, ‘নাটকের গল্পটি সবার ভালো লেগেছে। আমরা ঢাকার নবাবগঞ্জে শুটিং করেছি। সেখানে বড় সেট নির্মাণ করে কাজ হয়েছে। নাটকে যে বাড়িতে আগুন দেওয়া হয়, সেটাও সেট ফেলেই করা হয়েছিল।’
‘দরদিয়া’য় অভিনয় করে কেমন সাড়া পাচ্ছেন? এর জবাবে তৌসিফ বলেন, ‘ভীষণ সাড়া পাচ্ছি। কাছের মানুষেরাও প্রশংসা করছেন। সত্যি কথা বলতে, “দরদিয়া” নাটকের জন্য প্রচুর সাড়া পেয়েছি। সবাই বলেছেন, এটি অন্য রকম একটি কাজ হয়েছে।’
নাটকে নিজের চরিত্র নিয়ে তৌসিফ বলেন, ‘এ রকম চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। দর্শকেরা আমাকে নানা সময়ে নানাভাবে দেখেছেন, কিন্তু এই নাটকে একেবারে ভিন্নভাবে পেয়েছেন।’
নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। তার সম্পর্কে তৌসিফ বলেন, ‘আজিজুল হাকিম ভাই অনেক গুণী শিল্পী। উনার সঙ্গে আগেও কাজ হয়েছে। কিন্তু “দরদিয়া” নাটকে তার সঙ্গে আমার যেসব দৃশ্য ছিল, বাস্তব জীবনে তো এমনটা কখনোই ঘটেনি! এই কাজের মাধ্যমে আমাদের মধ্যে দারুণ বন্ডিং তৈরি হয়েছে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘“দরদিয়া” নাটকে পরিচালকের কৃতিত্ব অনেক। তিনি সুন্দরভাবে কাজটি করেছেন। আমরা সবাই মিলে শুধু অভিনয় করেছি।’
‘ওয়ারিশ’ নামে আরেকটি নাটকে অভিনয় করে সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘“ওয়ারিশ” নাটকের গল্প আবার একেবারেই অন্য রকম। সবাই খুব পছন্দ করেছেন। এখানে আমি বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি। অসংখ্য মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। দুটি নাটক থেকেই দর্শকদের প্রচুর সাড়া পেয়েছি।’
এই সময়ের চাওয়া কী? এর জবাবে তৌসিফ বলেন, ‘অভিনয় করে যাব। ওটিটি প্ল্যাটফর্মে কিছু ভালো কাজ করতে চাই। নাটক তো করছিই, কিন্তু ওটিটিতে অনেক ভিন্ন ভিন্ন কাজ হচ্ছে এবং কাজগুলো থেকেও যাচ্ছে। সে জন্যই এই মাধ্যমে কিছু কাজ করতে চাই।’
তিনি বলেন, ‘“চক্র” নামে ওটিটিতে একটি কাজ করেছিলাম। ওটার জন্য এখনো ফিডব্যাক পাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি।’
নতুন কাজের খবর জানিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি ভোলায় একটি নাটকের শুটিং করে এলাম। বেশ কয়েক দিন ছিলাম। আরও এক দিন কাজ হবে। নাটকে কেয়া পায়েল ও মালাইকা চৌধুরী আছেন। নাটকটির নাম “আমার জগতে তুমি আমার”। এটিও অন্য রকম গল্পের একটি রোমান্টিক নাটক, তবে শেষটা একটু অন্য রকম।’

