দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি ও জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, এ বছরেই এই সেবা চালু হবে।
আজ সোমবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি রোগীর সংখ্যা বেড়ে গেছে। ডায়ালাইসিস সেবা প্রত্যাশীরা ঢাকায় গিয়ে ভোগান্তির শিকার হন। এ কারণে প্রধানমন্ত্রী সারা দেশে ডায়ালাইসিস সেবা চালু করতে সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা হাসপাতালগুলোতে ডায়ালাইসিস মেশিন স্থাপন করার নির্দেশ দেন।
‘এই সেবা চালু হলে সেবা প্রত্যাশীদের ঢাকায় গিয়ে ভোগান্তিতে পড়তে হবে না। প্রতিদিন ১২০ জন রোগী বাড়ি থেকে এসেই ডায়ালাইসিস সেবা নিতে পারবেন, এতে করে বাড়তি টাকাও খরচ হবে না’, বলেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, প্রত্যেক ইউনিয়নে একটি করে স্বাস্থ্যকল্যাণ কেন্দ্র স্থাপন করা হবে। সারা দেশে ৪২ হাজার ৩৯০ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দেবেন। এতে স্তন ক্যানসারের মতো রোগ শনাক্ত করা সহজ হবে এবং মাতৃমৃত্যুর হারও কমবে।
মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে তিনি বলেন, মাদকসেবীদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের গ্রেপ্তার করতে হবে।
এ সময় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ও মঈনুল ইসলাম খান শান্ত, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

