এসআই টুটুলের নতুন ব্যান্ডের নাম কেন ‘এবি কিং’

অনেক বছর পর নতুন ব্যান্ড আনছেন কণ্ঠশিল্পী এসআই টুটুল। তার নতুন ব্যান্ডের নাম ‘এবি কিং’। গত ১৬ আগস্ট কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্যান্ডটি।

নাম শুনেই প্রশ্ন উঠতে পারে ‘এবি কিং’ কেন? এর পেছনে রয়েছে আইয়ুব বাচ্চুর প্রতি ব্যান্ড সদস্যদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ব্যান্ডটির চার সদস্যই কোনো না কোনোভাবে আইয়ুব বাচ্চুর স্নেহ ও সান্নিধ্য পেয়েছেন। আর এসআই টুটুল ছিলেন আইয়ুব বাচ্চুর প্রতিষ্ঠিত ব্যান্ড এলআরবির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

এসআই টুটুলের ভাষায়, তাদের সবার মাঝেই ‘গুরুজি’ আইয়ুব বাচ্চুকে ঘিরে আবেগের একটি জায়গা রয়েছে। সেই আবেগকে সঙ্গে নিয়েই পথ চলতে চান তারা।

‘এবি কিং’-এর সদস্যরা হলেন—নাফিজ আল আমিন (ড্রামস ও ভোকাল), ইফতেখার ইফতি (লিড গিটার ও ভোকাল), আকাশ আহসান (বেস ও ভোকাল) এবং এসআই টুটুল (কিবোর্ড ও ভোকাল)। ব্যান্ডটির ম্যানেজারের দায়িত্বে আছেন ইশতিয়াক এ সিদ্দিকী।

নতুন ব্যান্ড প্রসঙ্গে দ্য ডেইলি স্টারকে এসআই টুটুল বলেন, ‘আমাদের সবার মাঝেই গুরুজি আইয়ুব বাচ্চুর প্রতি আবেগের জায়গা রয়েছে। সেই আবেগটাই আমরা লালন করতে চাই। আমরা নিজেদের গান যেমন গাইব, তেমনি নতুন গানও তৈরি করব। একই সঙ্গে আইয়ুব বাচ্চুসহ দেশের কিংবদন্তিদের গানও আমরা স্টেজে গাইব।’

শুধু গান পরিবেশন নয়, এবি কিংকে একটি পূর্ণাঙ্গ মিউজিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চান তারা। টুটুল বলেন, কনসার্টের পাশাপাশি বিভিন্ন ধরনের সংগীতভিত্তিক আয়োজন ও ইভেন্ট করার পরিকল্পনাও রয়েছে তাদের।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে এটি বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ ব্যান্ড হিসেবে কাজ করবে, যেখানে বাংলা গানের পাশাপাশি ইংরেজি ভাষার গানও পরিবেশন করা হবে। এর মাধ্যমে অন্য ভাষাভাষী সংগীতপ্রেমীদের কাছেও বাংলাদেশের গান পৌঁছে দিতে চান তারা।

এ কারণে ব্যান্ডের মূল সদস্যদের পাশাপাশি একটি উপদেষ্টা প্যানেল রাখার পরিকল্পনাও রয়েছে। সেই প্যানেলের সদস্যদের নাম পরে প্রকাশ করা হবে বলে জানান টুটুল।

নতুন ব্যান্ড হিসেবে ‘এবি কিং’-এর প্রথম মঞ্চ পরিবেশনা হতে যাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর হিউস্টনে। সোনার বাংলা ফাউন্ডেশন আয়োজিত একটি কনসার্টে প্রথমবারের মতো পারফর্ম করবে ব্যান্ডটি।

এরপর যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্যে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে। এ বছর ভার্জিনিয়া, নিউইয়র্কসহ একাধিক স্টেটে ‘এবি কিং’ পারফর্ম করবে বলে জানিয়েছেন ব্যান্ড সদস্যরা।

এসআই টুটুলের ব্যান্ডজীবন অবশ্য বেশ পুরোনো। ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন ‘এলআরবি’ ব্যান্ডের সঙ্গে। পরবর্তী সময়ে ‘ফেস টু ফেস’ নামে নিজস্ব একটি ব্যান্ড গড়ে তোলেন তিনি, যা পরে ‘ধ্রুবতারা’ নামে পরিচিত হয়।
‘এবি কিং’ তার ব্যান্ডজীবনের তৃতীয় অধ্যায়।

তবে এবারের যাত্রাটি তার কাছে কিছুটা আলাদা। কারণ নতুন ব্যান্ডের সঙ্গে জড়িয়ে আছে তার দীর্ঘদিনের গুরু ও সহকর্মী আইয়ুব বাচ্চুর স্মৃতি। সেই স্মৃতিকে সঙ্গে নিয়েই নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের নিয়ে আরও বড় পরিসরে পথ চলতে চান এসআই টুটুল।

Related Articles

Latest Posts