মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থায় যে বিপর্যয় তৈরি হয়েছে, তা রাশিয়ার জন্য নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়া। একইসঙ্গে গমের সবচেয়ে বড় রপ্তানিকারক ও সার উৎপাদনেও অন্যতম শীর্ষ দেশ এটি।
এক সরকারি বৈঠকে মিশুস্তিন বলেন, ‘শুধু অর্থনৈতিক দিক থেকে দেখলে বর্তমান পরিস্থিতি আমাদের রপ্তানিমুখী শিল্পের উন্নতি ও বাজেটে অতিরিক্ত রাজস্ব যোগ করার সুযোগ তৈরি করছে।’
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য সংকটের কারণে যেসব পণ্যের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে বা হতে পারে, সেসব পণ্যের রপ্তানি সক্ষমতা আমাদের রয়েছে, বিশেষ করে খাদ্য পণ্য।’
তেল ও গ্যাসের পাশাপাশি ইউরিয়া, সালফার ও হিলিয়ামের মতো পণ্যের বৈশ্বিক সরবরাহ ব্যাহত হয়েছে উল্লেখ করে রুশ প্রধানমন্ত্রী বলেন, ‘এসব পণ্যেরও বড় উৎপাদক রাশিয়া।’
তবে আন্তর্জাতিক বাজারে চলমান অস্থিরতার প্রভাব থেকে দেশের অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষিত রাখা জরুরি বলে সতর্ক করেছেন তিনি।
এ সময় পেট্রোল ও নাইট্রোজেন সার রপ্তানিতে সাম্প্রতিক নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করে মিশুস্তিন বলেন, ‘অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষা দেওয়া আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

