ইরাক থেকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি করল সৌদি আরব

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল। সংঘাত শুরুর অল্প কয়েকদিনের মধ্যেই ওই অঞ্চলের অন্যান্য দেশে সংঘাত ছড়িয়ে পড়ে। 

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চালু থাকলেও বিচ্ছিন্ন হামলা থামছে না। এই ধারায় সর্বশেষ সহযোজন সৌদি আরবে ড্রোন হামলা। 

গতকাল রোববার এই হামলার বিষয়ে তথ্য জানিয়েছে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, ইরাক থেকে ধেয়ে আসা তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

সৌদি আকাশসীমায় প্রবেশের পর ড্রোনগুলো ধ্বংস করা হয় বলে মন্ত্রণালয় নিশ্চিত করে। 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের ‘উপযুক্ত সময়ে, সুনির্দিষ্ট অবস্থানে পাল্টা হামলা চালানোর অধিকার আছে’। 

তিনি আরও জানান, সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপদে থাকার অধিকার লঙ্ঘনের যেকোনো উদ্যোগ প্রতিহত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে বারবার সৌদি আরবে ড্রোন হামলার জেরে গত মাসে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাকের রাষ্ট্রদূতকে রিয়াদে ডেকে পাঠায়।  

মন্ত্রণালয়ের ভাষ্য মতে, আরব উপসাগরের ‘অন্যান্য দেশ’ এসব হামলা চালাচ্ছে।

Related Articles

Latest Posts