আশুগঞ্জে সৌদিপ্রবাসীর মৃত্যু, স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক সৌদিপ্রবাসীর মৃত্যুর ঘটনায় তার স্ত্রীসহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মৃত মো. সাইম (২৪) উপজেলার খোলাপাড়া এলাকার মো. শাহজাহান আলমের ছেলে।

আজ মঙ্গলবার আশুগঞ্জ থানার পরিদর্শক আবু হেনা মো. মোস্তফা রেজা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, স্ত্রী ফাওজিয়া আক্তার (২২), শ্বশুর আব্দুল আহাদ (৬৫), স্ত্রীর দুই বড় ভাই ইকরাম মিয়া (২৮) ও মো. সাদ্দাম হোসেন (৩৬) এবং জুনায়েদ মিয়া (২৬)।
এর মধ্যে ইকরাম ও জুনায়েদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এজাহারে বলা হয়, প্রায় তিন বছর আগে আব্দুল আহাদের মেয়ে ফাওজিয়া আক্তারের সঙ্গে সাইমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

১৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন সাইম।

গত ১৭ জুন যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে আদালতে একটি মামলা করেন তার স্ত্রী। ২৪ জুন সাইমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

এজাহারে আরও বলা হয়, গতকাল সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করতে আসছে—এমন খবর পেয়ে পালানোর চেষ্টা করেন সাইম। এ সময় তার স্ত্রী ফাওজিয়া আক্তার ও শ্বশুরবাড়ির লোকজন তাকে ধাওয়া করে ফসলি জমির পাশের একটি ড্রেনে নিয়ে মারধর করেন।

এতে তার ঘাড় ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আবু হেনা মো. মোস্তফা রেজা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Related Articles

Latest Posts