হুলিয়ান আলভারেজকে ঘিরে বার্সেলোনার আগ্রহ যতই বাড়ুক, অ্যাতলেতিকো মাদ্রিদের অবস্থানে কোনো পরিবর্তন আসছে না। বরং ক্লাবটির পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে জানিয়ে দিয়েছে, আলভারেজের দলবদল নিয়ে বার্সেলোনার সঙ্গে কোনো ধরনের আলোচনাই করবে না তারা। ফলে আর্জেন্টাইন তারকার বার্সেলোনায় যাওয়ার পথ আরও কঠিন হয়ে গেল।
আলভারেজকে নিয়ে কয়েক মাস ধরেই দুই ক্লাবের মধ্যে টানাপোড়েন চলছে। বার্সেলোনা তাকে দলে পাওয়ার ব্যাপারে আগ্রহী হলেও অ্যাতলেতিকো শুরু থেকেই কাতালান ক্লাবটির সঙ্গে আলোচনায় যেতে রাজি নয়। এবার পরিচালনা পর্ষদের বৈঠকে সেই অবস্থানই আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যক্ত করল মাদ্রিদের ক্লাবটি।
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, অ্যাতলেতিকো মাদ্রিদের পরিচালনা পর্ষদ আলভারেজের ভবিষ্যৎ নিয়ে বৈঠক করে। সেখানে ক্লাবের প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিনের অবস্থানের প্রতি সর্বসম্মত সমর্থন জানানো হয়। অর্থাৎ আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি করার বিষয়ে ক্লাবের সিদ্ধান্ত এখন শুধু একজন কর্মকর্তার নয়, পুরো পরিচালনা পর্ষদের।
ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাতলেতিকো মাদ্রিদের পরিচালনা পর্ষদের সদস্যরা সর্বসম্মতভাবে বার্সেলোনার কাছে জুলিয়ান আলভারেজের দলবদল নিয়ে কোনো আলোচনা না করার ক্লাবের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।’
অ্যাতলেতিকো অবশ্য দলবদলের বাজারে পুরোপুরি আলোচনার দরজা বন্ধ করছে না। অন্য ক্লাবের সঙ্গে খেলোয়াড় বিক্রি নিয়ে আলোচনা করতে তারা প্রস্তুত। তবে সেই আলোচনায় নৈতিকতা, পেশাদারিত্ব এবং দুই ক্লাবের পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে তারা।
আর এখানেই বার্সেলোনার সঙ্গে তাদের আপত্তি। ক্লাবটি স্পষ্ট করে বলেছে, ‘অ্যাতলেতিকো মাদ্রিদ দলবদলের বাজারের স্বাভাবিক আলোচনার জন্য উন্মুক্ত। তবে তা অবশ্যই নৈতিক ও পেশাদারভাবে এবং ক্লাবগুলোর পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে।’
এরপরই বার্সেলোনাকে নিয়ে আসে আরও কঠোর বার্তা। ‘আমরা ক্লাবের আগেই জানানো অবস্থানকে পুরোপুরি সমর্থন করছি যে, এফসি বার্সেলোনা এই প্রয়োজনীয়তাগুলো পূরণ করেনি। ফলে হুলিয়ান আলভারেজের দলবদল নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।’
অর্থাৎ আলভারেজ নিজে বার্সেলোনায় যেতে চাইলে কিংবা কাতালান ক্লাবটি নতুন করে আগ্রহ দেখালেও অ্যাতলেতিকোর বর্তমান অবস্থান অনুযায়ী তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবে না মাদ্রিদের ক্লাবটি।
আলভারেজকে ঘিরে পরিস্থিতি অবশ্য এর মধ্যেই বেশ জটিল হয়ে উঠেছে। চলতি বছরের মার্চ থেকেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। খেলোয়াড়টির এজেন্ট ফার্নান্দো হিদালগোর তৎপরতার পাশাপাশি বার্সেলোনার আগ্রহও সামনে আসে। আলভারেজের নিজেরও বার্সেলোনায় খেলার স্বপ্ন রয়েছে বলে আলোচনা রয়েছে।
কিন্তু অ্যাতলেতিকোর কাছে বিষয়টি এখন শুধু একজন খেলোয়াড়কে বিক্রি করার প্রশ্ন নয়; বরং ক্লাবগুলোর পারস্পরিক সম্পর্ক ও দলবদলের প্রক্রিয়ায় আচরণের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বার্সেলোনার সঙ্গে কোনো ধরণের সমঝোতায় যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে অ্যাতলেতিকো। ক্লাবটি বরং আশা করছে, আলভারেজও পরিস্থিতি বুঝে অ্যাতলেতিকোর হয়ে নিজের দায়িত্বে মনোযোগ দেবেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাতলেতিকো মাদ্রিদ আত্মবিশ্বাসী যে আমাদের খেলোয়াড় এই সিদ্ধান্ত বুঝতে পারবেন এবং ক্লাবের লক্ষ্য অর্জনে সর্বোচ্চভাবে অবদান রাখার দিকে মনোযোগ দেবেন, যেমনটি তিনি গত দুই মৌসুমে আমাদের জার্সিতে করে এসেছেন।’

