জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনটি মেট্রোরেল লাইন নির্মাণ ও সংশোধনের প্রস্তাব অনুমোদন হয়েছে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
আজ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এসব প্রকল্পের আওতায়, নতুন প্রস্তাবিত এমআরটি লাইন-৫ (সাউদার্ন)-এ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আর সংশোধিত এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ (নর্দান) প্রকল্পে অর্থায়ন করছে জাপান।
প্রস্তাবনা অনুযায়ী, জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে খরচ হবে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ দশমিক ৮৯ কোটি টাকা।
এ ছাড়া ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (নর্দান) প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ দশমিক ৩৬ কোটি টাকা।
পাশাপাশি, ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (সাউদার্ন) প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা—যার মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে ভূগর্ভস্থ।

