অ্যাপাচি হেলিকপ্টার হারিয়ে ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার হামলার এই ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, হরমুজ প্রণালিতে তেহরানের হামলায় একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই ঘটনা একটি সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে সংশয় আরও গভীর করেছে এবং চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তারা হরমুজ প্রণালির কাছে ইরানের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সেন্ট্রাল কমান্ড এই অভিযানকে মার্কিন সৈন্য ও বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক আক্রমণের পাল্টা ও ‘যথাযথ জবাব’ হিসেবে বর্ণনা করেছে।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি এই পাল্টা জবাব অত্যন্ত জোরালো এবং শক্তিশালী হওয়া উচিত এবং এই হামলাটি ঠিক তেমনই হয়েছে।

স্থানীয় সময় রাত ৯টার কিছু আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানায় অভিযান শেষ হয়েছে। এই অভিযান প্রায় চার ঘণ্টা ধরে চলে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং বন্দরনগরী সিরিকে হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্র ও বাসিন্দাদের বরাতে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দর আব্বাস এবং পরে প্রণালির প্রবেশপথের কাছে জাস্ক কাউন্টির আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়াকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম দাবি করেছে, এই হামলার জবাবে ওই অঞ্চলে অবস্থিত কিছু মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইআরজিসি বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে। তারা সতর্ক করে বলেছে যে, সংঘাত অব্যাহত থাকলে ‘আরও ভয়াবহ পাল্টা জবাব’ দেওয়া হবে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সে দেশে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপদ স্থানে আশ্রয়ের আহ্বান জানানো হয়েছে।

এর কিছুক্ষণ পরই বাহরাইনের রাজার একজন সংবাদ উপদেষ্টা সামাজিক মাধ্যম এক্সে জানান, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা ঠেকিয়ে দিয়েছে।

পেন্টাগন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। রয়টার্সও যুদ্ধক্ষেত্রের এসব খবরের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।  

Related Articles

Latest Posts