অভিষেকে উজ্জ্বল সাইবারি, বুন্ডেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা

বুন্ডেসলিগায় নিজেদের রাজত্ব ধরে রাখার মিশনের শুরুতেই দাপট দেখাল বায়ার্ন মিউনিখ। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে স্টুটগার্টকে রীতিমতো উড়িয়ে দিল বাভারিয়ানরা।

শুক্রবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় এবারের লিগের উদ্বোধনী ম্যাচে ৫-১ গোলের বিশাল জয় তুলে নিয়েছে ভিনসেন্ট কম্পানির দল। শিরোপাধারীদের চার খেলোয়াড় জালের ঠিকানা খুঁজে নেন— দাইয়োত উপামেকানো, মাইকেল ওলিসে, আলেকসান্দার পাভলোভিচ ও লুইস দিয়াজ। বাকি গোলটি আত্মঘাতী।

স্বাগতিকদের হয়ে জোড়া অ্যাসিস্ট করেন ইয়োশুয়া কিমিখ। দ্বিতীয়ার্ধে বদলি নেমে বুন্ডেসলিগায় নিজের অভিষেক রাঙান ইসমায়েল সাইবারি। তার পা থেকেও আসে জোড়া অ্যাসিস্ট।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বায়ার্ন লিড নেয় ২১তম মিনিটে। কিমিখের মাপা কর্নারে দারুণ হেডে বল জালে জড়ান ফরাসি ডিফেন্ডার উপামেকানো। প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও স্টুটগার্টের গোলরক্ষক ফাবিয়ান ব্রেডলোর একাধিক দুর্দান্ত সেভে হতাশ হতে হয় স্বাগতিকদের। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য চমক দেখায় সফরকারীরা। ৫২তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে জোরাল ভলিতে স্টুটগার্টকে সমতায় ফেরান ইয়োশা ভাগনোমান।

তবে সেই অস্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি বায়ার্নের। মাত্র তিন মিনিট পরই জার্মান মিডফিল্ডার কিমিখের নিখুঁত থ্রু বল ধরে ফাঁকায় থাকা ফরাসি উইঙ্গার ওলিসে দারুণ ফিনিশিংয়ে বায়ার্নকে ফের এগিয়ে দেন। আর ৫৮তম মিনিটে বাভারিয়ানদের তৃতীয় গোলটিতে জড়িয়ে আছে ভাগনোমানের দুর্ভাগ্য। আলফনসো ডেভিসের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে পিছলে পড়ে যান তিনি। বল তার পায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়।

পাঁচ মিনিট পর ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের দারুণ এক পাস থেকে ওলিসে ফের নিশানা ভেদ করেন। কিন্তু অফসাইডের খাঁড়ায় পড়ে গোলটি বাতিল হয়ে যায়।

ম্যাচের শেষদিকে বায়ার্নের আক্রমণের ধার আরও বাড়ে। ৮২তম মিনিটে ডি-বক্সে সাইবারির নিঃস্বার্থ পাস থেকে দলের চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার পাভলোভিচ। আর যোগ করা সময়ে স্টুটগার্টের কফিনে শেষ পেরেকটি ঠোকেন কলম্বিয়ান উইঙ্গার দিয়াজ। এই গোলের কারিগরও ছিলেন মরক্কান মিডফিল্ডার সাইবারি।

২০২৬-২৭ মৌসুমের বুন্ডেসলিগায় শুভ সূচনার আগে গত সপ্তাহে জার্মান সুপার কাপে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন। চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলে জিতে শিরোপা ধরে রাখে তারা।

Related Articles

Latest Posts