রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গেটগুলো খুলে দেওয়া হয়। এতে বাঁধের ১৬টি স্পিলওয়ে দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি ও নিচু এলাকায় বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট দিয়ে ৬ ইঞ্চি উচ্চতায় পানি ছাড়া হয়েছে। পানির ইনফ্লো বেশি হলে এ উচ্চতা পর্যায়ক্রমে বাড়ানো হবে।’
বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে কাপ্তাই লেকে ১০৪ দশমিক ০৯ ফুট মিন সি লেভেল (এমএসএল) পানি রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির ৫টি ইউনিটে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও ১০৮ ফুট উচ্চতাকে বিপৎসীমা হিসেবে গণ্য করা হয়।

