ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যাত্রীবাহী কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ প্রায় ৮ ঘণ্টা বন্ধ রয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল করছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের কাছে শিবগঞ্জ রোড লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকার উদ্দেশে জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। পাওয়ারকারসহ সামনের অংশের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন শতাধিক যাত্রী।
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান ওসি আকতার।
ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন ডেইলি স্টারকে বলেন,
ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, ভুয়াপুরগামী জামালপুর এক্সপ্রেস এবং ঢাকাগামী হাওর ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস বর্তমানে ঢাকা-টঙ্গী-নরসিংদী-ভৈরব বাজার-কিশোরগঞ্জ-গৌরীপুর জংশন রুট দিয়ে চলাচল করছে।
তিনি আরও বলেন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
দ্রুততম সময়ে উদ্ধারকাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

