২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশসহ নিশ্চিত ১০ দল, খেলা হবে যেভাবে

ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করতে একটা সময় বাছাইপর্বের যে একটা শঙ্কা ছিলো বাংলাদেশের, সেটা আগেই উবে গেছে। আনুষ্ঠানিকভাবেই আরেকটি ওয়ানডে বৈশ্বিক আসর খেলা নিশ্চিত হয়ে গেছে লিটন দাসের দলের। ২৪ বছর পর আফ্রিকা মহাদেশে হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপে দশ দল নিশ্চিত। বাকি চার দল ঠিক হবে বাছাই প্রক্রিয়ায়। যেখানে চ্যালেঞ্জে ফের পড়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই আসর থেকে এবার খেলাও হবে ভিন্ন আদলে। 

সরাসরি মূল পর্বে বাংলাদেশসহ যারা 

সহ-আয়োজক হিসেবে আয়োজক কোটায় সরাসরি টিকিট হাতে পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। তবে আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় আরেক আয়োজক দেশ নামিবিয়াকে মূল পর্বে আসতে হবে বাছাইপর্বের কঠিন বৈতরণী পার হয়ে।

আয়োজক দুই দেশের পাশাপাশি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

আরও দুই টেস্ট খেলুড়ে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সরাসরি মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছে। বাকি চারটি জায়গার জন্য তাদের নামিবিয়াসহ ১০ দলের বাছাইপর্বের আগুনে পরীক্ষা দিতে হবে। সেখান থেকেই নির্ধারণ হবে মূল পর্বের শেষ চার দল।

তিন ধাপের নতুন রোমাঞ্চ: যেভাবে গড়াবে খেলা

A post shared by ICC (@icc)

১৪ দলের এই বিশ্বকাপে দর্শকদের বাড়তি উন্মাদনা দিতে আইসিসি এনেছে তিন ধাপের সম্পূর্ণ নতুন ফরম্যাট:

প্রথম ধাপ (সুপার সিরিজ): মূল পর্বে আসা ১৪টি দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবশেষে থাকা ৩টি দল এই ধাপে মুখোমুখি হবে। লিগ পদ্ধতির এই পর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে।

দ্বিতীয় ধাপ (গ্রুপ পর্ব): আগের ধাপের সেরা দল আর মূল পর্বের বাকি ১১ দল—সব মিলিয়ে ১২টি দলকে ৬টি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল তাদের গ্রুপের বাকি ৫টি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।

তৃতীয় ধাপ (সুপার ৭): দুই গ্রুপের শীর্ষ ৩টি করে মোট ৬টি দল এবং দুই গ্রুপ মিলিয়ে পয়েন্টে এগিয়ে থাকা সেরা ৪র্থ দলটি—এই সাত দল নিয়ে শুরু হবে ‘সুপার ৭’ পর্ব। এখানে দলগুলো মোট ২১টি রবিন-লিগ ম্যাচে লড়বে।

শেষ চারের লড়াই ও স্বপ্নের ফাইনাল

সুপার ৭ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সরাসরি সেমিফাইনালের টিকিট পাবে।

প্রথম সেমিফাইনাল: পয়েন্ট টেবিলের ১ নম্বর দল বনাম ৪ নম্বর দল।

দ্বিতীয় সেমিফাইনাল: পয়েন্ট টেবিলের ২ নম্বর দল বনাম ৩ নম্বর দল।

দুই সেমিফাইনালের বিজয়ী দল ২১ নভেম্বর ট্রফি জয়ের চূড়ান্ত লড়াইয়ে ময়দানে নামবে।

 

Related Articles

Latest Posts