ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রায় ১০ বছর ধরে ভুয়া চক্ষু চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. শহীদুল্লাহ কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা।
আজ মঙ্গলবার উপজেলা সদরের নূরজাহান শপিংমলে অবস্থিত হাজী মুখলেছুর রহমান চক্ষুসেবা কেন্দ্র ও চশমা ঘরে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া।
তিনি বলেন, ‘প্রায় ১০ বছর ধরে নিজেকে চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর, নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং কুমিল্লার হোমনা উপজেলা এলাকায় রোগী দেখে আসছিলেন শহীদুল্লাহ। বিভিন্ন চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করে দেওয়ার নামে রোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।’
‘জনস্বাস্থ্য রক্ষায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,’ যোগ করেন এ কর্মকর্তা।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শহীদুল্লাহ চিকিৎসক হিসেবে প্রয়োজনীয় কোনো বৈধ সনদ বা কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহমুদ মিয়া, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধি, পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

