হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান

হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত এবং অবশ্যই বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এই রাষ্ট্রে যেকোনো নাগরিকের অধিকার যদি ক্ষুণ্ন হয়, তার স্থাপনা যদি ভাঙচুর করা হয়, তিনি যদি আক্রমণের শিকার হন, এমনকি কোনো অপরাধীও যদি হয়ে থাকেন, প্রতিটা ক্ষেত্রে সরকার দুঃখিত এবং অবশ্যই বিব্রত।

তিনি বলেন, কারণ, এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের ছিল। বিব্রত এই অর্থে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সেখানে যারা ভাঙচুর করেছে, তাদের কাউকে ধরা হয়েছে। আপনি বলছেন বা পত্রিকায় নিউজও আসছে, এর সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে পুলিশের অবহেলা বা ক্ষমতাসীন দলের কেউ কেউ জড়িত আছে কি না।

তদন্তে যারই নাম উঠে আসুক, তাদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

‘এটা আনা হবে কারণ, যে ঘটনাগুলো ঘটেছে, মানুষের মধ্যে এই ঘটনাগুলোর প্রভাব খুবই ভয়ঙ্কর। যেটি বলতে চাই, তা হলো রাষ্ট্র বা সরকারের কাজই হচ্ছে অপরাধ ঠেকানোর চেষ্টা করা। কিন্তু ঘটে গেলে যেন ন্যায়বিচার হয়, যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ না ঘটে।’

তিনি বলেন, ‘সুতরাং নিশ্চিত থাকুন, এটা এই জায়গায় থেমে থাকবে না। এটার তদন্ত হবে, তদন্ত হতে হতে এর সঙ্গে যদি আর কেউ—আবারও বলছি, যদি জড়িত থাকে, তাহলে অবশ্যই তাকেও আইনের আওতায় আনা হবে।’

Related Articles

Latest Posts