স্মরণীয় সেঞ্চুরিতে সেদিকুল্লাহর প্রতিরোধ, শেষ সেশনে রোমাঞ্চের অপেক্ষা

আগের দিন মনে হচ্ছিল টেস্টটা জিততে খুব একটা বেগ পেতে হবে না বাংলাদেশকে। তবে আফগানিস্তানের ওপেনার সেদিকুল্লাহ হয়তো অন্য কিছু ভেবেছিলেন। চোয়ালবদ্ধ দৃঢ়তায় স্মরণীয় সেঞ্চুরিতে আবুধাবিতে অভাবনীয় ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে ফেলেছেন তিনি। যদিও চা-বিরতির ঠিক আগে হাসমতুল্লাহ শহিদির উইকেট নিয়ে বাংলাদেশের পাল্লা ভারী রেখেছেন মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার শেষ সেশনের চা-বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেটে ২৬৫ রান তুলেছে আফগানিস্তান। তাদের সামনে এখন দুই ঘণ্টা টিকে থাকার চ্যালেঞ্জ, বাংলাদেশের ম্যাচ জিততে চাই ৪ উইকেট। শেষ সেশনে তাই রোমাঞ্চের প্রত্যাশা করাই যায়। সেদিকুল্লাহ ২৯৯ বলে ১০৫ রানে ক্রিজে আছেন, বাংলাদেশের আশার কথা স্বীকৃত আর কোন ব্যাটার নেই তার পাশে। 

লাঞ্চের পর ফিরে সেদিকুল্লাহর সঙ্গে ক্রিজে জমে যান ইসমত আলম। রান করা ভুলে ক্রিজে পড়ে থাকায় মন দেন তিনি। তবে ৬০ বল টিকে থাকার পর তাকে ছাঁটেন মিরাজ। মিরাজের বলে ইসমতের ব্যাটে লাগা বল লিটনের প্যাড ছুঁয়ে আশ্রয় নেয় নাজমুল হোসেন শান্তর হাতে।

প্রথম সেশনে চোটে বেরিয়ে যাওয়া হাসমতুল্লাহ পরে ফিরে আসেন ক্রিজে। তাকে নিয়ে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে এগোচ্ছিলেন সেদিকুল্লাহ। হাসমতও থিতু হয়ে পড়েছিলেন। চা-বিরতির খানিক আগে মিরাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি (৩৬)।

৪৭৯ রানের লক্ষ্যে আগের দিন নামা আফগানদের লক্ষ্যই ছিল ড্র করা। বাংলাদেশের প্রত্যাশিত জয়ের মঞ্চে বাগড়া দিয়ে সেই পথে প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

 

Related Articles

Latest Posts