স্টেশন পরিষ্কার করে চলত দিন: ছিনতাইকারীর হামলায় বুবির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৫

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীদের হামলায় বৃদ্ধ পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের (৭০) মারা যাওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবি পুলিশ, রেল পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের কাছে ‘বুবি’ নামে পরিচিত বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম মেথিকান্দা স্টেশনে পরিচ্ছন্নতার কাজ করতেন, এর বিনিময়ে দোকানদারদের কাছ থেকে টাকা নিতেন।

গত ৪ জুলাই দিবাগত রাত ২টার দিকে কয়েকজন বুবির কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার কাছ থেকে লুকিয়ে রাখা প্রায় ৪০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পরদিন সকালে আহত বুবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।

পরে ৭ জুলাই রাতে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ৬ জুলাই রাতে প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়। পরে ববি মারা গেলে এটি হত্যা মামলায় রূপ নেয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব কমান্ডার আরিফুল ইসলাম অবশ্য আসামিদের নাম-পরিচয় প্রকাশ করেননি।

পরে শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, র‍্যাব-১১ নরসিংদীর একটি দল মেথিকান্দা স্টেশন সংলগ্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করে।

তারা হলেন—ওই এলাকার মো. ইলিয়াস (৩৫), মো. সাকিব (১৯) ও বেলাল মিয়া (২৬)।

একই অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার র‍্যাব-৯ এর একটি দল জেলার নবীনগর থানার কাইতলা দক্ষিণ ইউনিয়নের নতুন ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করে।

তারা হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার মো. দ্বীন ইসলাম (২৬) ও মো. রিফাত (২০)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৫ জন বুবিকে মারধর করে টাকা লুটের বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সঙ্গে অন্য কারও জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র‍্যাব।

Related Articles

Latest Posts