স্কোয়াডে আছেন আর্জেন্টিনার ৫ জন, এবার রোমেরোকেও চায় অ্যাতলেতিকো

আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে নিতে চায় স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ। সেজন্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের সঙ্গে আলোচনা শুরু করেছে তারা।

শুক্রবার এই খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। অথচ গত বছরের আগস্টেই টটেনহ্যামের সঙ্গে চার বছরের নতুন চুক্তিতে সই করেছিলেন রোমেরো। তিনি দলটির অধিনায়কের ভূমিকাতেও আছেন। তবে ২৮ বছর বয়সী এই তারকা চলমান দলবদলের উইন্ডোতেই ক্লাব ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।

গত মৌসুমের লা লিগায় চতুর্থ হওয়া অ্যাতলেতিকোর স্কোয়াডে এখন আছেন আর্জেন্টিনার পাঁচজন ফুটবলার। তারা হলেন গোলরক্ষক হুয়ান মুসসো, ডিফেন্ডার নাহুয়েল মলিনা, দুই মিডফিল্ডার থিয়াগো আলমাদা ও জুলিয়ানো সিমিওনে এবং স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। তাদের সঙ্গে জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০২৬ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাও রয়েছে রোমেরোর।

গত মাসে নিউজার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। আসরে আলবিসেলেস্তাদের আট ম্যাচের সাতটিতেই খেলেছিলেন রোমেরো। তাকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে ইতালিয়ান সিরি আর ক্লাব ইন্টার মিলানও।

তবে অ্যাতলেতিকোর কোচ ও আর্জেন্টিনার সাবেক ফুটবলার দিয়েগো সিমিওনের দীর্ঘদিনের পছন্দের তালিকায় রয়েছেন রোমেরো। তাই এই সেন্টার-ব্যাককে কিনতে নতুন করে জোর তৎপরতা শুরু করেছে মাদ্রিদের ক্লাবটি।

বিবিসির প্রতিবেদন অনুসারে, রোমেরোকে নিয়ে অ্যাতলেতিকোর আগ্রহের কথা জানা আছে টটেনহ্যামের। ফলে দলবদলের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত ও দলীয় শর্তাবলী চূড়ান্ত করা কোনো সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে। আর সম্প্রতি টটেনহ্যামের নতুন কোচ রবার্তো দে জার্বি জানিয়েছেন, কেউ যদি ক্লাব ছাড়তে চান, তবে তিনি সেই খেলোয়াড়ের ‘ইচ্ছাকে সম্মান জানাবেন’।

গত ২০২৫-২৬ মৌসুমের শেষভাগে হাঁটুর চোটের কারণে মাঠে নামতে পারেননি রোমেরো। ধুঁকেছে তার দলও। প্রিমিয়ার লিগের একেবারে শেষদিনে গিয়ে কোনোমতে অবনমন এড়ায় টটেনহ্যাম। তারা মৌসুম শেষ করে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে থেকে।

Related Articles

Latest Posts