গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আমন্ত্রণ না করায় প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।
গতকাল রোববার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত সানোয়ার হোসেন আওয়াল গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিঠিতে আমন্ত্রণ না করায় গতকাল বিকেলে আওয়াল ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে অনুষ্ঠান বন্ধের দাবি জানান। একপর্যায়ে মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। সে সময় তারা প্রধান শিক্ষকের কক্ষেও তালা দেন। পরে স্থানীয়ভাবে সমঝোতা হলে প্রায় এক ঘণ্টা পর অনুষ্ঠানটি পুনরায় শুরু হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শামসুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, আওয়ালসহ কয়েকজন এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়।
প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিন ডেইলি স্টারকে বলেন, অনুষ্ঠান চলাকালে হঠাৎ আওয়াল ও তার সহযোগীরা এসে অশালীন ভাষায় কথা বলেন। একপর্যায়ে তারা আমার কক্ষে তালা লাগিয়ে দেন।
তিনি বলেন, লিখিত আমন্ত্রণ না পাওয়াকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত সানোয়ার হোসেন আওয়াল ডেইলি স্টারকে বলেন, গালিগালাজ বা কক্ষে তালা দেওয়ার ঘটনায় আমি জড়িত নই। কিছু অভিভাবকের অভিযোগের ভিত্তিতেই আমি সেখানে গিয়েছিলেন। প্রবেশপত্রের ফি–সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হয়েছিল।
এ বিষেয়ে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্ত করে তালিকা দিতে বলা হয়েছে। প্রধান শিক্ষকের কাছ থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, নাম ও ঠিকানাসহ তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

