নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এএসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ শনিবার বিকেল ৫টার দিকে আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন—সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. স্বপন, কনস্টেবল আবু হানিফ ও মনির হোসেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘হামলাকারীরা পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছোড়ে এবং রড দিয়ে আঘাত করে।’
পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটকের কথা জানিয়েছেন ওসি এমদাদুল হক।
তবে, পরোয়ানাভুক্ত ওই আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

