সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার: ডিবি

রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শাহ আলম অনিক মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানান ডিবি প্রধান।

শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে লোকজন গিয়ে হামলা চালিয়ে স্টুডিওটি ভাঙচুর করে বলে অভিযোগ সালমান মুক্তাদিরের।

পুলিশ জানিয়েছে, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অনিক জড়িত ছিলেন। এ ঘটনার তদন্ত চলছে।

এর আগে, এ হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন, মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্নাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির স্টুডিও তৈরি করেছিলেন। হামলার সময় স্টুডিওটি ভাঙচুর করা হয়।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমি মালিকদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

Related Articles

Latest Posts