সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল

নির্বাচনে অনিয়ম ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আউয়ালের করা জামিন আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন।

রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জামিন আবেদনে আউয়ালের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, ফয়সাল সিদ্দিকী ও মোহাম্মদ ফজলুল করিম মণ্ডল।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান গত বছরের ২২ জুন শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন ।

মামলায় ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা ও ২০১৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদসহ ২২ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১১ জন সাবেক নির্বাচন কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা সংবিধান ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। পাশাপাশি জনগণের ভোট না পেয়েও কয়েকজনকে বিজয়ী ঘোষণা করেছেন।

এ মামলায় গত বছরের ২৫ জুন কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Related Articles

Latest Posts