মেসির বিদায়ের রাত পেরিয়ে নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে জাতীয় দলের জার্সিতে শেষ হয়েছে লিওনেল মেসির অধ্যায়। আবেগঘন সেই বিদায়ের পর এখন সামনে তাকানোর পালা। মেসিকে ছাড়া আর্জেন্টিনার পথচলা যেমন কঠিন হবে, তেমনি সেই পথের শুরুতে কোচ হিসেবে লিওনেল স্কালোনি থাকবেন কি না, সেটিও বড় প্রশ্ন।
বেনিনের বিপক্ষে ম্যাচ শেষে সেই প্রশ্নেরই আভাস দিয়েছেন স্কালোনি। মেসির বিদায়ে আবেগাপ্লুত এই কোচ জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আর্জেন্টিনার দায়িত্ব চালিয়ে যেতে চান। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
স্কালোনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাব। মেসি যে উত্তরাধিকার রেখে যাচ্ছে, তা অবিশ্বাস্য। আমি সেটিই সঙ্গে করে নিয়ে যাব। মাঠে তার মতো আর কখনো কাউকে দেখা যাবে না। তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।’
আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। বিশ্বকাপের পর আরও একটি চক্রে তাকে দায়িত্বে রাখার ইচ্ছা রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন স্কালোনি, ‘এখনো এ বিষয়ে নতুন কোনো আপডেট নেই।’
মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন স্কালোনি। বিদায়ী বক্তব্যে মেসি নিজেই বলেছিলেন, সামনে কঠিন সময় আসতে পারে। স্কালোনিও মনে করেন, গত কয়েক বছরে আর্জেন্টিনা যে সাফল্য পেয়েছে, সেটি ছিল ব্যতিক্রমী। ফলে মেসিবিহীন নতুন যুগে সেই ধারাবাহিকতা ধরে রাখা সহজ হবে না।
তবে নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে দল পুনর্গঠনের ব্যাপারে আশাবাদী স্কালোনি, ‘কঠিন হতে যাচ্ছে, সে নিজেও সেটি বলেছে। গত কয়েক বছরে আমরা যা পেয়েছি, তা স্বাভাবিক কোনো বিষয় নয়। সামনে কঠিন সময় আসতে পারে। আমরা সেগুলোর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। আমাদের সঙ্গে তরুণ, নতুন খেলোয়াড়রা আছে, যারা আমাদের অনেক কিছু দেবে। কিন্তু আপনার পাশে তাকে থাকার যে অনুভূতি, তার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মানুষকে বোঝানোও খুব কঠিন, এটি আপনাকে অনুভব করতে হবে। এটি তুলনাহীন।’
মেসিকে হারানোর পরও নতুন দল গড়ে সাফল্যের পথে ফেরার সামর্থ্য আর্জেন্টিনার আছে বলে মনে করেন তিনি, ‘আমরা যতই দলটাকে নতুন করে গড়ে তুলি না কেন, নতুন যারা উঠে আসছে তাদের নিয়ে যতই দারুণ একটি দল তৈরি করি না কেন, আমি আর কারও মধ্যে তার মতো সেই আভা দেখিনি। সে যে অনুভূতি তৈরি করত, তা আর থাকবে না। আমরা নতুন কিছু উপায় খুঁজে বের করব, কিন্তু সেই অনুভূতিটা আর থাকবে না। তাকে উপভোগ করতে পারাটা ছিল অসাধারণ। এখন আমাদের তাকে ছাড়াই সামনে এগিয়ে যেতে হবে।’

