সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ রোববার বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, ‘আমরা আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে নিজের বাসাবাড়িতে ফিরে যাবে। সেখানে আমাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘একদিকে তাদের বাসাবাড়ি মেরামতের বিষয়টি রয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থার ক্ষতি কাটিয়ে স্বাভাবিক পর্যায়ে নেওয়ার প্রশ্ন রয়েছে। মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফেরানো যায়—তার বন্দোবস্তের দায় রয়েছে।’

‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের ভোটে নির্বাচিত বলেই যেকোনো সংকটে মানুষের পাশে থেকে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রয়াসেই আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব,’ যোগ করেন তিনি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে মতবিনিময় সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, বিকেলে জেলা শহরের তবলছড়ি ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাইস্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

Related Articles

Latest Posts