শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে সকাল ৭টার দিকে বাসা থেকে খেলতে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়।
নিহত সোয়াইফ হোসেন ওই এলাকার সেলিম সরদার ও শিমুলি দম্পতির সন্তান।
আটক রাসেল শিকদার একই এলাকার আলী আকবর শিকদারের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবার কয়েকজন প্রতিবেশীর নাম পুলিশকে জানিয়েছে। তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের বিষয়েও তদন্ত চলছে।
শিশুটির বাবা সেলিম সরদার অভিযোগ করেন, গতকাল সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার মায়ের সঙ্গে প্রতিবেশী আলী আকবরের ঝগড়া হয়। রাতে তার মা বিষয়টি তাকে জানান। সকালে তিনি বাজারে গেলে ফিরে এসে দেখেন, তার সন্তান নেই। পরে থানায় গিয়ে জিডি করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আলী আকবরের বাড়ির পেছনের ডোবা থেকে তার ছেলের বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত পরিবারের কোনো সদস্য বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, মরদেহ উদ্ধারের পর স্থানীয়রা অভিযুক্ত আলী আকবরের বাড়িতে অগ্নিসংযোগ করেন।

