অস্ট্রেলিয়া সফর শেষে কদিনের বিরতির পর আবার মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমস টি-টোয়েন্টির জন্য শুরু হয়েছে প্রস্তুতি।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার সকালে শুরু হয় জাতীয় দলের অনুশীলন। ১৫ জনের স্কোয়াডের ১৩ জন এদিন উপস্থিত ছিলেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া হাসান মাহমুদ এখনো দেশে ফেরেননি। আর বাঁহাতি পেসার শরিফুল ইসলাম আছেন ছুটিতে।
২৯ সেপ্টেম্বর প্রথম রাউন্ড পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে সরাসরি কোয়ার্টার ফাইনালে নামবে বাংলাদেশ। এই ম্যাচের উপর নির্ভর করবে এশিয়ান গেমসে বাংলাদেশের পথচলা।
বিসিবি সূত্রে জানা গেছে, এশিয়ান গেমসের লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তবে প্রতিপক্ষ ও দিন-তারিখ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এশিয়ান গেমসের স্কোয়াডের পাশাপাশি আলাদা করে অনুশীলনে ছিলেন পুনর্বাসনে থাকা পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

