লালবাগ থানার মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন, তোলা হবে আদালতে

জুলাই অভ্যুত্থানের সময় লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আজ সকালে এই কথা জানিয়েছেন। তিনি আরও জানান, শিরীন শারমিন চৌধুরীকে বর্তমানে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জিজ্ঞাসাবাদ শেষে।

শফিকুল ইসলাম বলেন, ‘আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। রিমান্ড আবেদনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত হবে তার জন্য রিমান্ড চাওয়া হবে কি না।’

এর আগে আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি।

জাতীয় সংসদের তথ্য অনুযায়ী, শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন। এরপর টানা তিন মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেন। গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গত ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন।

সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট রংপুরে ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যার ঘটনায়ও শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। তবে ডিবি জানিয়েছে, তাকে বর্তমানে লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Related Articles

Latest Posts