লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার

সরকার উৎখাতের জন্য লংমার্চ করা হচ্ছে না বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরুর আগের দিন আজ শুক্রবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদল নিয়মতান্ত্রিক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। লংমার্চও শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে।

‘সরকার উৎখাতের কোনো আন্দোলন আমরা করছি না’, বলেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এতে অংশ নেবেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা।

আজ সংবাদ সম্মেলনে লংমার্চে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার।

তিনি বলেন, বিরোধীদলের বৃহৎ শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে প্রশাসনিক সহযোগিতা দিয়ে সরকার যেন জনগণের আস্থা ধরে রাখে।

বিরোধীদলের কর্মসূচিতে সরকারি দল, তাদের সহযোগী সংগঠন কিংবা প্রশাসনের কোনো অংশ প্রতিকূল পরিবেশ তৈরি করলে সরকার আরও জনআস্থা হারাবে এবং জনরোষের মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হবে বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার।

তবে সরকার সে পথে হাঁটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গন থেকে ১১ দলীয় ঐক্য চার বিভাগে লংমার্চ ও ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয়। সেপ্টেম্বর-অক্টোবরে রংপুর, খুলনা ও সিলেট অভিমুখে আরও তিনটি লংমার্চ এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে।

আগামীকাল শনিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ হবে। এরপর নারায়ণগঞ্জের চিটাগাং রোড, কুমিল্লার পদুয়ার বাজার ও চৌদ্দগ্রাম, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা হবে। সর্বশেষ সমাবেশ হবে চট্টগ্রামের লালদীঘি ময়দানে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, লংমার্চে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হবে। পথসভাগুলো সংক্ষিপ্ত রাখা হবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়।

Related Articles

Latest Posts