১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির মাধ্যমে সরকারকে জনগণের দাবির বিষয়ে জবাবদিহির চাপে ফেলা গেছে বলে দাবি করেছেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর সংসদে নেতারা ওই কর্মসূচি নিয়ে কথা বলতে বাধ্য হয়েছেন।
‘সরকারের কানে পানি ঢুকেছে’—মন্তব্য করে আযাদ বলেন, রাজপথে জনগণের দাবির পক্ষে অবস্থান নেওয়ায় বিরোধীদলের প্রতি মানুষের আস্থাও বেড়েছে।
আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চের প্রস্তুতি নিয়ে আজ রোববার ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আযাদ আরও বলেন, জনগণ যেটা চায়, বিরোধীদল সেটাই করছে। বিরোধীদলের প্রতি যে আস্থাটা জনগণের বেড়েছে, এটা আমাদের অ্যাচিভমেন্ট।
তিনি আরও বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েত হবে ১১ দলীয় ঐক্য। উদ্বোধনী সভা শেষে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা হবে।
আযাদ আরও বলেন, গাজীপুরের বোর্ডবাজার চৌরাস্তা, টাঙ্গাইলের বাইপাস-সংলগ্ন নগর জলপাই, সিরাজগঞ্জের চৌরাস্তা/হাটিকুমরুল এলাকা, বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে এসব পথসভা হবে। এরপর রংপুর জেলা স্কুল মাঠে সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে।
এর আগে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মাধ্যমে কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য। ওই কর্মসূচিতে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কয়েকটি পথসভা এবং চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্য সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চারটি লংমার্চ ও একটি মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা দেয়। এর মধ্যে ছিল ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা ও ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ।
ছয় দফা থেকে সাত দফা
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, প্রথম লংমার্চে ঘোষিত ছয় দফা এখন সাত দফায় রূপান্তরিত হয়েছে।
সাত দফার মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন করে অবিলম্বে সংস্কার পরিষদ গঠন ও অধিবেশন ডাকা, জুলাই গণহত্যার বিচার দ্রুত ও দৃশ্যমান করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংকীর্ণ দলীয়করণ বন্ধ। নতুন করে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাস বন্ধের দাবি যুক্ত করা হয়েছে।

