রিভিউ নিয়ে তালগোল পাকানোর পর অতলকে ফেরানোর স্বস্তি

যে বলে রিভিউ নেওয়ার কোন দরকার ছিলো না, অহেতুক রোমাঞ্চে ভেসে একটা রিভিউ নষ্ট করেন নাজমুল হোসেন শান্ত। এর প্রভাবেই হয়তবা পরে নায্য এক রিভিউ হাতছাড়া করে বসে বাংলাদেশ। দুই ঘটনাতেই বোলারের নাম হাসান মাহমুদ। অবশ্য শেষ পর্যন্ত হাসান ওপেনিং জুটি ভাঙায় এই পরিস্থিতি বড় কোন আক্ষেপের কারণ হয়নি।

ইনিংসের একদম প্রথম ওভারে সেদিকুল্লাহ অতলকে পরাস্ত করেন হাসান। জোরালো কট বিহাইন্ডের আবেদন আসে উইকেটের পেছন থেকে। বোলার হাসানকে অনেকটা নির্বিকার দেখা যায়। তবে কোন একটা শব্দ পাওয়ায় স্লিপে থাকা শান্ত নিয়ে নেন রিভিউ। রিপ্লেতে দেখা যায় বল অতলের থাই প্যাডে লেগেছে, ব্যাট ছিলো না আশেপাশে। 

তৃতীয় ওভারে হাসানের বেরিয়ে যাওয়া বলে পরাস্ত হয়ে অতক কিপার লিটন দাসের গ্লাভসে জমা পড়েছিলেন। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার আলাউদ্দিন পালেকার। কিছুটা আলাপ সেরে পরে রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অথচ এবার রিপ্লে দেখে নিজের উপরই যেন রাগ সামলাতে পারছিলেন না শান্ত। বল অতলের ব্যাট স্পর্শ করেই জমা হয়েছিলো লিটনের গ্লাভসে। তবে একই সঙ্গে ব্যাট প্যাডেও আঘাত করায় বিভ্রান্ত হয়ে থাকতে পারে বাংলাদেশ দল। 

৪ রানে জীবন পেয়ে যান আফগানিস্তান ওপেনার। যদিও ইনিংস বড় করতে পারেননি। ৩১ বলে ১৭ রান করে অবশ্য হাসানের বলেই বিদায় নিয়েছেন তিনি। এবার স্লিপে ক্যাচ জমা পড়ে শান্তর হাতে। ৩০ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান।

বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ১ উইকেট ৩৪ রান তুলেছে আফগানিস্তান। 

Related Articles

Latest Posts