রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করতে বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছে সরকার।
আজ শনিবার আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ ও পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।
চাঞ্চল্যকর এই শিশু হত্যা মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আইনি তৎপরতা আরও জোরদার করতেই সরকারের শীর্ষ পর্যায় থেকে এই বিশেষ নিয়োগ দেওয়া হয়েছে বলে আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

