রাজশাহী শহরের পাশে পদ্মা নদী থেকে হাত বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের বড়কুঠি এলাকায় নদীতে লাশটি ভাসতে দেখা যায়।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৩ বছর। তার পরনে ছিল নেভি ব্লু রঙের জিনস প্যান্ট ও টিয়া রঙের টি-শার্ট। একটি গামছার একাংশ দিয়ে তার গলা প্যাঁচানো এবং অন্য প্রান্ত দিয়ে দুই হাত বাঁধা ছিল। তদন্তকারীদের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ। তবে ওই যুবককে ঘটনাস্থলের আশপাশে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, নাকি অন্য কোথাও হত্যা করে ভাসিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।
ওসি রবিউল ইসলাম আরও জানান, যে জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, সেটি নৌ পুলিশের আওতাধীন। তাই এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা তারাই গ্রহণ করবে। রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় বোয়ালিয়া থানায় কোনো মামলা হয়নি।
রাজশাহী মহানগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ মণ্ডল জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় মরদেহ থেকে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করা হয়। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডারের সাহায্যে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। কিন্তু পানিতে চার-পাঁচ দিন থাকায় লাশটি পচে গেছে। এ কারণে আঙুলের ছাপ স্পষ্ট আসেনি।
পরিদর্শক বিকাশ মণ্ডল বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অজ্ঞাত ওই যুবকের লাশ দাফন ও মামলা দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

