যে কারণে নাটালি হার্পকে ৪৫ হাজার ডলার উপহার দিলেন ট্রাম্প

গত কয়েক মাসে বেশ কয়েকবার গণমাধ্যমে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্প। তাকে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ও অনুগত সহকারীদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

জানা গেছে, নাটালি হার্পকে ৪৫ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৫৫ লাখ ৩৫ হাজার টাকা) নগদ উপহার দিয়েছেন ট্রাম্প।

আজ বুধবার মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হোয়াইট হাউসের আরও দুই কর্মী মার্গো মার্টিন ও চেম্বারলেইন হ্যারিসও একই পরিমাণ অর্থ পেয়েছেন।

আর্থিক বিবরণীতে ওই তিন নারী এই অর্থকে ‘ছুটির দিনের উপহার হিসেবে পাওয়া নগদ অর্থ’ হিসেবে উল্লেখ করেছেন।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাকে ছায়ার মতো অনুসরণ করছেন নাটালি হার্প। প্রায় সবসময়ই তাকে ট্রাম্পের কাছাকাছি দেখা যায়।

কখনো কখনো তিনি ট্রাম্পের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট টাইপ করে দেন এবং তার জন্য বিভিন্ন তথ্য প্রিন্ট করে দেন।

এই ভূমিকার কারণে তাকে ‘হিউম্যান প্রিন্টার’ বা ‘মানব প্রিন্টার’ আখ্যা দেওয়া হয়েছে।

কংগ্রেসে জমা দেওয়া বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও নির্বাহী সহকারী হিসেবে হার্প বছরে ১ লাখ ৫০ হাজার ডলার বেতন পান।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র এই উপহারের ব্যাখ্যা দিয়ে বলেন, ট্রাম্পের দীর্ঘদিনের অভ্যাস হলো তার ঘনিষ্ঠ পরিসরের মানুষকে বড়দিনের উপহার দেওয়া। এর মধ্যে হোয়াইট হাউসের কর্মী ও তার সহকারীরাও রয়েছেন।

মুখপাত্র বলেন, উপহারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বের কোনো সম্পর্ক নেই। ফলে প্রযোজ্য আইন ও নৈতিকতার মানদণ্ড অনুযায়ী এগুলো ‘সম্পূর্ণ বৈধ’।

Related Articles

Latest Posts