টানা তৃতীয় দিনের মতো জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে যুক্তরাজ্য।
আজ শুক্রবার দেশটির আবহাওয়া সংস্থা মেট অফিস জানিয়েছে, এদিন সর্বোচ্চ ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সাফোকের ওয়াটিশামে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বৃহস্পতিবারের ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সমারসেটের মেরিফিল্ডে রেকর্ড হওয়া ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই ছিল জুনের সর্বোচ্চ রেকর্ড।
যুক্তরাজ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে স্কটল্যান্ডের এস্কডালেমুইরে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ওয়েলসের হাওয়ারডেনে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং নর্দান আয়ারল্যান্ডের কেটসব্রিজে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা শুক্রবার দেশগুলোর সর্বোচ্চ তাপমাত্রা।
৫০ বছর আগের রেকর্ড ভেঙে হ্যাম্পশায়ারের গসপোর্টে তাপমাত্রা পৌঁছায় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ১৯৭৬ সালে সাউদাম্পটনে এবং ১৯৫৭ সালে ক্যামডেনে রেকর্ড হওয়া ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল জুনের সর্বোচ্চ তাপমাত্রা।
সমারসেটের মেরিফিল্ডে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের রেকর্ড ভেঙে দেয়।
সাফোকের ওয়াটিশামে তাপমাত্রা পৌঁছায় ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা জুনের নতুন অস্থায়ী সর্বোচ্চ রেকর্ড।
তবে রোববার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে জানিয়েছে মেট অফিস। যুক্তরাজ্যের অনেক এলাকায় আজকের তুলনায় অন্তত ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এছাড়া তীব্র গরমের কারণে যুক্তরাজ্যজুড়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২৪ ঘণ্টায় ৬৩ হাজার বজ্রপাতের ঘটনা রেকর্ড করেছে মেট অফিস।
স্কটল্যান্ডে গত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৩২ হাজার বজ্রপাত।
এমন আবহাওয়ায় ইংল্যান্ডজুড়ে প্রায় ৬০০ বিদ্যালয় বন্ধ কিংবা আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া টাওয়ার ব্রিজ, দ্য কাটি সার্ক ও দ্য রয়েল অবজারভেটরি ইন গ্রিনউইচ ও হ্যাম্পশায়ারের মারওয়েল চিড়িয়াখানার মতো পর্যটনকেন্দ্রগুলোও বন্ধ রাখা হয়েছে।

